রাঙামাটিতে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতি। মানববন্ধন থেকে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে আগামী রোববার (১২ জুলাই) ধর্মঘট পালনের পাশাপাশি আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।
সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দেশের একমাত্র রিকশাবিহীন পর্যটন শহর রাঙামাটিতে বর্তমানে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত সিএনজি অটোরিকশা চলাচল করছে। যত্রতত্র পার্কিং আর যাত্রী পরিবহনে নিয়মনীতির বালাই না থাকায় অতিষ্ঠ শহরের বাসিন্দারা। যাত্রী ও পর্যটকদের সঙ্গে খারাপ ব্যবহার ও ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করছে।
বক্তারদের অভিযোগ, শহরে বর্তমানে ১ হাজার ৪১৬টি নিবন্ধিত সিএনজি অটোরিকশা রয়েছে এবং আরও প্রায় ৮০টির নিবন্ধন প্রক্রিয়াধীন। এর বাইরে অনন্ত তিন শতাধিক নিবন্ধন ও রুট পারমিটবিহীন অবৈধ সিএনজি অটোরিকশা চলাচল করছে। এসব অটোরিকশাচালকদের কারণে শহরের বৈধ চালক ও মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিপরীতে অনৈতিক সুবিধা নিয়ে প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের অভিযোগ করেও প্রতিকার মিলছে না। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করতে হয়েছে। অবৈধ সিএনজি অটোরিকশা বন্ধে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় রোববার ধর্মঘট পালন ও পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সিএনজি অটোরিকশা মালিক সমিতির নেতা ও বিএনপি নেতা আলী বাবর, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, রবিউল হোসেন বাবলু, বেলাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে, শহরের যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিএনজি অটোরিকশাচালকদের জন্য ইউনিফর্ম পরিধান ও পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা।
মোস্তফা কামাল রাজু/এএমকে
