সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬২) তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) এবং তাদের ছেলে ফরহাদ (৩৭)।
জানা যায়, অনন্তপুর গ্রামের একটি মুদি দোকানের টিনের চালের ওপর বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে। টিনের তৈরি দোকান হওয়ায় মুহূর্তেই পুরো দোকানে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এ সময় প্রথমে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার বাবা নুরুল আমিন এবং পরে মা ফাতেমা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে আছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তামিম রায়হান/এএমকে
