বিজ্ঞাপন

মেঘনার এক ইলিশ বিক্রি হলো ৯ হাজার টাকায়

মেঘনার এক ইলিশ বিক্রি হলো ৯ হাজার টাকায়

মেঘনা নদীতে জেলেদের জালে ২ কেজি ১৩০ গ্রাম ওজনের বড় আকারের একটি ‘রাজা ইলিশ’ ধরা পড়েছে। মাছটি স্থানীয় আড়তে নিলামের মাধ্যমে ৯ হাজার টাকায় বিক্রি করেছেন জেলেরা।  

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার তুলাতুলি মাছের আড়তে  নিলামে মাছটি বিক্রি করা হয়। এ সময় সর্বোচ্চ দামে মাছটি ক্রয় করেন মো. কামাল বেপারী নামে সেখানকার এক আড়তদার।

তুলাতুলি মাছঘাটের আড়তদাররা জানান, সোমবার বিকেলে মেঘনা নদীতে জাল ফেলেন মদনপুর ইউনিয়নের জেলে গিয়াস উদ্দিন মাঝি ও তার সঙ্গে থাকা কয়েকজন জেলে। সন্ধ্যা নাগাদ তারা জাল টেনে তোলার সময় বড় আকারের ইলিশটি জালে আটকা অবস্থায় দেখতে পান। পরে সেটিকে সন্ধ্যার দিকে তুলাতুলি আড়তে খালেক মেম্বার নামে এক আড়তদারের গদিতে রাজা ইলিশটি বিক্রির জন্য নিয়ে আসলে বেশ কয়েকজন ক্রেতা কেনার আগ্রহ প্রকাশ করেন এবং নিলাম হয়। নিলামে মাছটি সর্বোচ্চ ৯ হাজার টাকায় ক্রয় করেন আড়তদার কামাল বেপারী।

মাছটির ক্রেতা কামাল বেপারী বলেন, সবসময় বড় মাছ পাওয়া যায় না, কৌতুহলবশত ২ কেজি ১৩০ গ্রাম ওজনের মাছটি ৯ হাজার টাকায় কিনেছি। অন্যান্য মাছের সঙ্গে এটি বিক্রির উদ্দেশে মাওয়া ঘাটে পাঠাবো। আশা করছি, সেখানে ১১ হাজার টাকায় বিক্রি করতে পারবো।

ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভূঁইয়া বলেন, ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে গত মার্চ-এপ্রিল ২ মাসের নিষেধাজ্ঞা সফল হওয়ার সুফল পাচ্ছেন জেলেরা, বড় বড় ইলিশ ধরা পড়ছে।  আশা করছি, এর পরিমাণ সামনের দিনগুলোতে আরও বাড়বে।

মো. খাইরুল ইসলাম/এএমকে