গাইবান্ধার ফুলছড়িতে একটি কেন্দ্রে ২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) ও ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্ট ৯ জনকে দায়িত্ব অবহেলার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুন) সন্ধ্যায় বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
এর আগে গত বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার ‘ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ’ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অব্যাহতি পাওয়াদের মধ্যে রয়েছেন ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) আসাদুল হক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোয়ার হোসেন। তিনি ওই কেন্দ্রের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বপালন করছিলেন। এ ছাড়া অন্যরা হলেন, কেন্দ্রের পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য তিনজন (শিক্ষক) ও দুই কক্ষে পরিদর্শকের দায়িত্বে থাকা চার শিক্ষক।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার, পরীক্ষা পরিচালনা কমিটির তিন সদস্য ও দুই কক্ষে দায়িত্বরত চার শিক্ষকসহ ৯ জনকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মনিরুল হাসান ঢাকা পোস্টকে বলেন, সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলার কারণে সেদিন ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৫ সালের অনিয়মিতদের প্রশ্নে পরীক্ষা দিয়েছেন এবং পক্ষান্তরে ২০২৫ সালের অনিয়মিতদের প্রশ্নে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন। এটি অনেক বড় দায়িত্বহীনতা।
এ সময় তিনি বলেন, সেদিন এমন ঘটনার শুরুর দিকে আমাকে মিস ইনফরমেশন (অসত্য তথ্য) দেওয়া হয়েছিল। আসলে ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছেন মোট ৬১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থী ছিল ৫০ জন এবং ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থী ছিলো ১১ জন।
এর আগে গত বৃহস্পতিবার জেলার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলা ১ম পত্রে ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা দেয় ৫০ জন নিয়মিত পরীক্ষার্থী এবং ২০২৬ সালের প্রশ্নে অনিয়মিত ১১ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন। পরে পরীক্ষা শেষে বিষয়টি বুঝতে পেরে পরীক্ষার ফলাফল কি হবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা।
পরে শিক্ষার্থী ও অভিভাবকরা ফলাফল শঙ্কার কথা জানিয়ে অধ্যক্ষ ও কেন্দ্র সচিবের কক্ষে কথা বলতে যান। এ সময় সংশ্লিষ্ট শিক্ষকরা ফলাফলে কোনো সমেম্যা হবে না বলে জানান। এক পর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
একইদিন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে সংশ্লিষ্টদের অব্যাহতি দিতে নির্দেশনা দিয়ে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর একটি পত্র দেন। পরদিন ৩ জুলাই জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক পত্রে সেই নির্দেশনা অনুযায়ী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ, প্রফেসর এস.এম আশাদুল ইসলামকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।
একইসঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ওই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদকে নিয়োগ প্রদান করা হয়।
এ ছাড়া ওই পত্রে ট্যাগ অফিসার ও পরিক্ষা কমিটির আহ্বায়কসহ সংশ্লিষ্ট কক্ষের সব কক্ষ প্রত্যাবেক্ষককে অব্যহতির কথা জানানো হয়।
প্রসঙ্গত, ২ জুলাই ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশে সকাল ১০টায় শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা চলে ১টা পর্যন্ত। তবে, এসময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় পৃথক প্রশ্নপত্রে।
প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি)-এর বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে। চলমান এইচএসসি পরীক্ষায় গাইবান্ধায় জেনারেল, মাদরাসা ও কারিগরি বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৪৭১ জন।
মাসুম বিল্লাহ/এএমকে
