বিজ্ঞাপন

উপবৃত্তির অ্যাকাউন্টের তথ্য ব্যবহার

শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে

শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে

উপবৃত্তির অর্থ পাওয়ার জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সময় শিক্ষার্থীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়। সেই তথ্য ব্যবহার করে একাধিক শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো এবং গভীর রাতে অডিও-ভিডিও কল দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে রূপালী ব্যাংক পিএলসির পঞ্চগড় শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

অভিযুক্ত কর্মকর্তা তারেক মাহমুদ রূপালী ব্যাংক পিএলসির পঞ্চগড় শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বর ব্যবহার করে তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ শুরু করেন। বিষয়টি জানাজানি হলে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের কয়েকজন শিক্ষার্থী কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। পরে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি ব্যাংককে জানায়।

কলেজ ও একাধিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, সম্প্রতি উপবৃত্তির অর্থ বিতরণের জন্য পঞ্চগড় সরকারি মহিলা কলেজে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার কার্যক্রম পরিচালনা করে রূপালী ব্যাংক। ওই সময় শিক্ষার্থীদের নাম, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। কয়েক দিন পর থেকে কয়েকজন শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে তারেক মাহমুদের নম্বর থেকে বার্তা আসতে শুরু করে। এমনকি রাতেও অডিও ও ভিডিও কল করা হয় বলে অভিযোগ করেন তারা।

এক শিক্ষার্থী বলেন, অ্যাকাউন্ট খোলার পর প্রথমে বিভিন্ন তথ্যের বিষয়ে যোগাযোগের কথা বলে বার্তা পাঠানো হয়। পরে সেই বার্তার ধরন ব্যক্তিগত বিষয়ে চলে যায়। রাত এক-দুইটার সময়ও বার্তা ও কল আসত। তিনি বলেন, উত্তর না দিলে সকালে আবার জানতে চাইতেন, কেন রিপ্লাই দিইনি। শুধু আমাকে নয়, আমার আরও কয়েকজন সহপাঠীকেও একইভাবে বিরক্ত করা হয়েছে। পরে আমরা কলেজের অধ্যক্ষকে বিষয়টি জানাই।

পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম হারুন-অর-রশীদ বলেন, একাধিক শিক্ষার্থী একই ধরনের অভিযোগ করেছে। একজন ব্যাংক কর্মকর্তা শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তাদের সঙ্গে এভাবে যোগাযোগ করবেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগ পাওয়ার পর বিষয়টি রূপালী ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তারেক মাহমুদ মুঠোফোনে বলেন, এ বিষয়ে শাখা ব্যবস্থাপকের সঙ্গে কথা বলুন। এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি আর সাড়া দেননি।

রূপালী ব্যাংক পিএলসির পঞ্চগড় শাখার ব্যবস্থাপক পবিত্র কুমার রায় বলেন, কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নুর হাসান/এএমকে