মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পূর্ব বালিগাও এলাকার ভাড়া বাসা থেকে আসমা আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পূর্ব বালিগাওঁ জামে মসজিদের ইমাম মুহসিন উদ্দিন এর স্ত্রী। মৃত্যুর পর থেকেই তার একমাত্র শিশু কন্যা সন্তানকে নিয়ে উধাও রয়েছেন তার স্বামী। গতকাল সোমবার (৬ জুলাই) রাত ৮ টার দিকে আসমার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে ইমাম মুহসিন তার বাড়ির মালিককে ফোন করেন বলেন, তার স্ত্রী ঘরে মরে পড়ে আছে কি না সেটি গিয়ে যেন দেখেন।
কুরবান আলি নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, “হুজুরের বাড়ি এই জেলায় না। তিনি বালিগাও গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের বাড়িতে দুই বছর ধরে ভাড়া থেকে পূর্ব বালিগাও জামে মসজিদে ইমামতি করে আসছেন। মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ঢাকায় থাকেন।”
তিনি আরও বলেছেন, আজ (সোমবার) বিকেল ৪টার দিকে ইমাম মুহসিন উদ্দীন ফোন করে বাড়ির মালিককে বলেন তার স্ত্রী হয়ত ঘরে মৃত অবস্থায় পড়ে আছেন। পরে এলাকার লোকজন গিয়ে আসমাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পায়।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি শামীম আহম্মেদ বলেন, আমরা নিহতের ভাড়া বাসা হতে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত বলতে পারব। নিহতের স্বামী পালিয়ে যাওয়ায় বিস্তারিত তথ্য নেওয়া সম্ভব হয়নি।
ব.ম শামীম/এমটিআই
