বিজ্ঞাপন

মাগুরায় জুয়ার আসরে ডিবির অভিযান, নগদ টাকাসহ গ্রেপ্তার ৯

মাগুরায় জুয়ার আসরে ডিবির অভিযান, নগদ টাকাসহ গ্রেপ্তার ৯

মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে নগদ অর্থ, তাস ও অন্যান্য আলামতসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৬ জুলাই) জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এর আওতায় পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গত রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর উপজেলার ভায়না মোড় এলাকায় অবস্থানরত ডিবির একটি দল জানতে পারে, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জজ কোর্টপাড়া এলাকায় একটি টিনের ছাপড়ার ঘরের ভেতরে জুয়ার আসর বসেছে।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে নির্দেশক্রমে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ায় অংশ নেওয়া ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ঘটনাস্থল থেকেই ৯ জনকে আটক করেন।

অভিযান শেষে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে জুয়ার আসর থেকে নগদ ৫ হাজার ৬৪০ টাকা, ৬ জোড়া তাস, জুয়ার হিসাব সংরক্ষণের একটি খাতা এবং একটি পুরোনো প্লাস্টিকের পাটি জব্দ করা হয়।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, উদ্ধার করা আলামত যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জেলায় জুয়া ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

তাছিন জামান/এমটিআই

বিজ্ঞাপন