ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া ও ফেনী নদীর পানি আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে কিছু নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার শঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। সবাইকে আগাম সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৬ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাস স্বাক্ষরিত প্রধান অববাহিকা ও বাপাউবো জোনভিত্তিক নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে মুহুরী, সিলোনিয়া ও ফেনী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এদিকে ফেনী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলাজুড়ে থেমে থেমে বৃষ্টির কারণে জনজীবনে ভোগান্তি বেড়েছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দিনের বিভিন্ন সময়ে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি ধরনের বৃষ্টি হয়। এতে শহরের বিভিন্ন সড়কে পানি জমে পথচারী, রিকশাচালক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দুর্ভোগ বেড়েছে। প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হলেও বৃষ্টির কারণে অনেককে বারবার আশ্রয় নিতে দেখা যায়।
ফেনী শহরের ট্রাংক রোড এলাকার পথচারী মো. রাকিব হোসেন বলেন, ফেনীতে ২৪-এর বন্যার অভিজ্ঞতা এখনও ভুলতে পারিনি। তাই নদীর পানি বাড়ার খবর শুনে কিছুটা উদ্বিগ্ন লাগছে। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে আগে থেকেই সতর্ক থাকা উচিত।
রিকশাচালক আব্দুল মোতালেব বলেন, টানা বৃষ্টির কারণে সড়কে মানুষের চলাচল অনেক কমে গেছে। দীর্ঘ সময় রিকশা নিয়ে অপেক্ষা করেও তেমন কোনো যাত্রী পাচ্ছি না। বৃষ্টিতে আয়-রোজগার কমে যাওয়ায় পরিবারের খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় আছি।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন ঢাকা পোস্টকে বলেন, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর সর্বোচ্চ বিপৎসীমা ১২ দশমিক ৫৫ মিটার। সেখানে সোমবার রাত সাড়ে ৯টা পর্যন্ত নদীর পানি ৮ মিটারে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে বৃষ্টি অব্যাহত থাকায় মঙ্গলবার সকাল থেকে নদীর পানি আরও বাড়তে পারে। তাই আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন থাকতে হবে।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, সোমবার রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৯ জুলাই পর্যন্ত এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে পরবর্তীতেও বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
তারেক চৌধুরী/এমটিআই
