বিজ্ঞাপন

স্বপ্নে দেখেন সাঁতরে পার হলে মাথাব্যথা সেরে যাবে, নদীতে ডুবে হলো মৃত্যু

স্বপ্নে দেখেন সাঁতরে পার হলে মাথাব্যথা সেরে যাবে, নদীতে ডুবে হলো মৃত্যু

নওগাঁয় সাঁতরে নদী পার হতে যেয়ে পানিতে ডুবে শাহিদা বানু (৩০) নামে  এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (০৬ জুলাই) দুপুরে শহরের ছোট যমুনা নদীর বিহারী কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। এরপর টানা কয়েক ঘন্টার উদ্ধার অভিযান শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিহত শাহিদা বানু (৩০) সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।

পরিবার এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাহিদা বানু মাথাব্যথা ভালো হওয়ার মানত করে নদীর পূর্বপাশে অবস্থিত জিন্দা পীরের মাজারে যান। তিনি স্বপ্নে দেখেছিলেন ছোট যমুনা নদী দুইবার সাঁতারে পার হলে তার মাথাব্যথা ভালো হয়ে যাবে। সোমবার দুপুর একটার দিকে মাজারে মানত শেষে তিনি একাই নদীর পূর্ব পাড় থেকে সাঁতার কেটে পশ্চিম পাড়ে আসছিলেন। এমন সময় নদীর মাঝামাঝি স্থানে পৌঁছালে তিনি পানিতে ডুবে যান।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার করতে গেলে তাকে আর পাওয়া যায়নি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে শাহিদা বানুকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে।

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মনিরুল ইসলাম শামীম/এমটিআই

বিজ্ঞাপন