ফরিদপুরের মধুখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৪৫।
সোমবার (৬ জুলাই) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের মীরের কাপাসহাটিয়া রেলক্রসিংয়ের পাশে রাজবাড়ী- ভাটিয়াপাড়া রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, রাজবাড়ী থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। ট্রেন আসার কিছুক্ষণ আগে তাকে রেললাইনের ওপর বসে থাকতে দেখা যায় বলে পুলিশকে জানিয়েছে এলাকাবাসী। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক আইনগত কার্যক্রম শুরু করে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান বলেন, মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি) ও রেলওয়ে পুলিশ কাজ করছে।
তিনি বলেন, পরিচয় সনাক্তের পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
জহির হোসেন/এমটিআই
