বিজ্ঞাপন

নাটোরে চোরচক্রের ছয় সদস্য গ্রেপ্তার, মোটরসাইকেল-অটোভ্যান উদ্ধার

নাটোরে চোরচক্রের ছয় সদস্য গ্রেপ্তার, মোটরসাইকেল-অটোভ্যান উদ্ধার

নাটোরে পৃথক দুটি চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চুরি হওয়া একটি মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোভ্যান উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— হাসান আলী (২৬), স্বাধীন প্রামানিক (২৭), হেলাল সরদার (৪৬), নাঈম ইসলাম (২৮), স্বপন বাবু (২৮) ও আরিফুল ইসলাম (৩২)। তাদের বাড়ি নাটোর সদর, সিংড়া ও গুরুদাসপুর উপজেলায়।

পুলিশ সুপার জানান, গত ৩০ জুন বিকেলে নাটোর সদর উপজেলার গাওপাড়া ঢালান এলাকার 'সোহেল মোটরস' শোরুমে এক ব্যক্তি ক্রেতা সেজে ট্রায়াল দেওয়ার কথা বলে একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ১ জুলাই নাটোর থানায় মামলা হলে তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আরিফুল ইসলামকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে দিঘাপতিয়া ইউনিয়নের মদনহাট এলাকার একটি বাঁশঝাড় থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

অপরদিকে, গত ১৯ জুন সন্ধ্যায় গাওপাড়া ঢালান বাজারের সড়কের পাশ থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান চুরি হয়। এ ঘটনায় ৫ জুলাই নাটোর থানায় মামলা দায়েরের পর ডিবি পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকায় অভিযান চালিয়ে স্বাধীন প্রামানিক ও হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিংড়া উপজেলার চামারী সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে হেলাল সরদার ও নাঈম ইসলামকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চুরি হওয়া অটোভ্যানটি স্বপন বাবু কিনেছিলেন। পরে সিংড়া উপজেলার কালিকাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার এবং তার বাড়ির সামনে থেকে অটোভ্যানটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে যানবাহন চুরি ও কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. ইফতেখার আলম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আশিকুর রহমান/এমটিআই

বিজ্ঞাপন