বিজ্ঞাপন

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কনটেইনারবাহী ট্রাক (কাভার্ড ভ্যান) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাইন উদ্দিন (১৮) নামে এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার পরীক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) আলিম পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার আমিনবাজার মসজিদসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাইন উদ্দিন লক্ষ্মীপুরের লতিফপুর এলাকার বাসিন্দা এবং চন্দ্রগঞ্জ কারামাতিয়া কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা শেষে কয়েকজন পরীক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে আমিনবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কনটেইনারবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাইন উদ্দিনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অপর চার পরীক্ষার্থীকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের বরাত দিয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক নয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান বলেন, আমানউল্ল্যাপুর ইউনিয়নের আমিনবাজার মহাসড়কে আলিম পরীক্ষার্থীবাহী একটি সিএনজির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে মাইন উদ্দিন নিহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসা ও সার্বিক বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, প্রতিটি সড়ক দুর্ঘটনাই অত্যন্ত বেদনাদায়ক। উপজেলা প্রশাসন নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে।

শাহরিয়ার উদ্দিন অরুপ/এমটিআই

বিজ্ঞাপন