যশোরের অভয়নগরে নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মোল্যা (৪০) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের গেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল মোল্যা উপজেলার সিরাজকাঠি গ্রামের বদিয়ার মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুয়েল মোল্যা এদিন প্রথম কাজে যোগদান করেন। বিকেলে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের গেটের ওপর গাঁথুনির কাজ করার সময় হঠাৎ হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। উপস্থিত লোকজন দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, জুয়েল মোল্যার সংসারে স্ত্রী ছাড়াও ১১ বছর বয়সী এক ছেলে ও দেড় বছর বয়সী এক কন্যা রয়েছে।
স্ত্রী সাগরিকা খাতুন জানান, সকালে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর বিকেলে মোবাইল ফোনের মাধ্যমে তিনি দুর্ঘটনার খবর পান। হাসপাতালে এসে তিনি তার স্বামীর নিথর দেহ দেখতে পান।
প্রত্যক্ষদর্শী জয়নাল বলেন, গেটের উপরে গাঁথুনির কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারের সাথে জড়িয়ে নিচে পড়ে যান জুয়েল। পরে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন জানান, বিকেল ৪টার দিকে হাইভোল্টেজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল নামে এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, ঘটনার খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রেজওয়ান বাপ্পী/এমটিআই
