নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাওয়া খন্দকার (১৪) নামে এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বলছে, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে অভিযান চলছে।
পরিবারের অভিযোগ, গত ৫ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মাওয়া খন্দকার নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় সোমবার (৬ জুলাই) কিশোরীর মামা খন্দকার সোহাগ সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, মাওয়া খন্দকার পেরাব গ্রামের খন্দকার মকবুলের মেয়ে এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। একই এলাকার লিটন মিয়ার ছেলে সাব্বির (৩০) দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। প্রস্তাবে রাজি না হওয়ায় সাব্বির ও তার সহযোগীরা বিভিন্ন সময় ভয়ভীতি ও ক্ষতির হুমকি দিতেন বলেও অভিযোগ করা হয়েছে।
কিশোরীর মামা খন্দকার সোহাগ জানান, মাওয়া নিখোঁজ হওয়ার পর থেকে অভিযুক্ত সাব্বিরও এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। তাদের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনের সহযোগিতায় সাব্বির বিভিন্ন প্রলোভন দেখিয়ে নাবালিকাকে অপহরণ করে নিয়ে গেছেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন,নিখোঁজ কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃমীমরাজ হোসেন/এমটিআই
