মুন্সীগঞ্জ সদর উপজেলার সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মো. কাউছার আহমেদ। এ বছর তিনি আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না। কাউছার আহমেদ মানবিক বিভাগের শিক্ষার্থী এবং মুন্সীগঞ্জ কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
জানা গেছে, সোমবার (৬ জুলাই) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরীক্ষার হলে ওই পরীক্ষার্থীকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখেন। পরে বিষয়টি পরীক্ষা বিধিমালা অনুযায়ী যাচাই করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করায় মো. কাউছার আহমেদকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বাকি সব বিষয়ে অংশগ্রহণ থেকে বহিষ্কার করা হয়েছে। এ বছর আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে বিধিমালা লঙ্ঘনের ঘটনায় কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
ব.ম শামীম/আরকে
