‘আমার সন্তানদের এতিম করে মরতে চাই না। ওরা এখনও অনেক ছোট। আমি বেঁচে থাকতে চাই, শুধু ওদের মুখের দিকে তাকিয়ে।’ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ক্যান্সারে আক্রান্ত সুজিনা বেগম।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামের ফকির বাড়ির বাসিন্দা সুজিনা বেগমের বয়স প্রায় ৩৭ বছর। গলার দুই পাশে ক্যান্সারের কারণে বড় ধরনের ফোলা দেখা দিয়েছে। এতে ঠিকমতো খেতে পারেন না, কথা বলতেও কষ্ট হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অধিকাংশ সময় শয্যাশায়ী থাকতে হচ্ছে তাকে।
দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করলেও অর্থাভাবে এখন তার চিকিৎসা প্রায় বন্ধ। দিনমজুর স্বামীর পক্ষে আর কেমোথেরাপির ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
চার সন্তানের জননী সুজিনা বলেন, ‘বয়সে নয়, রোগেই বুড়িয়ে গেছি। আমার একটাই চাওয়া, সন্তানগুলোকে এতিম করে যেন চলে যেতে না হয়।’

আমিনুল হক বলেন, স্ত্রীকে বাঁচানোর জন্য আমার যা কিছু ছিল, সবই চিকিৎসার পেছনে ব্যয় করেছি। এখন আর কেমোথেরাপির খরচ চালানোর সামর্থ্য নেই। প্রতিদিন শুধু আল্লাহর কাছে দোয়া করি, যেন আমার সন্তানগুলো তাদের মাকে না হারায়।
প্রতিবেশী আফিয়া বেগম বলেন, সুজিনা অনেক দিন ধরে অসুখে ভুগছেন। আগে সংসারের সব কাজ নিজেই করতেন। এখন অসুখের কারণে ঠিকমতো চলাফেরা করতে পারে না, খেতেও পারেন না। পরিবারটি খুব কষ্টে দিন কাটাচ্ছে। আমরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করছি, কিন্তু তার চিকিৎসার জন্য আরও অনেক অর্থ প্রয়োজন।
স্থানীয় ইউপি সদস্য মো. মছকু মিয়া বলেন, আমিনুল হকের পরিবারটি অত্যন্ত দরিদ্র। সুজিনা বেগমের অসুস্থতার পর থেকে তারা মানবেতর জীবনযাপন করছেন। ব্যক্তিগতভাবে তিনি যতটুকু সম্ভব সহযোগিতা করেছি।
তিনি আরও জানান, বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসকেও জানিয়েছেন, যাতে পরিবারটিকে সরকারি সহায়তার আওতায় আনা যায়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কনসালট্যান্ট, নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন ডা. এম. নূরুল ইসলাম বলেন, রোগীর বর্তমান শারীরিক অবস্থা ও ক্যান্সারের স্টেজ বিবেচনায় অপারেশন না করাই ভালো। তবে উন্নত প্রতিষ্ঠানে নিয়মিত ও পূর্ণাঙ্গ কেমোথেরাপি ও রেডিওথেরাপি নিশ্চিত করা গেলে তার শারীরিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে।
বর্তমানে অর্থাভাবে সুজিনা বেগমের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই তার পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল সংগঠন ও প্রবাসী বাংলাদেশিদের কাছে চিকিৎসা সহায়তার আবেদন জানিয়েছে। সুজিনা বেগমের চিকিৎসায় সহায়তা করতে আগ্রহীরা বিকাশ নম্বর ০১৭৩৮-৯২৪০০৩-এ আর্থিক অনুদান পাঠাতে পারেন। পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।
তামিম রায়হান/আরকে
