বিজ্ঞাপন

দুই মাসেও মেলেনি তাহসিনের খোঁজ, সন্তানের অপেক্ষায় অশ্রুসিক্ত বাবা-মা

দুই মাসেও মেলেনি তাহসিনের খোঁজ, সন্তানের অপেক্ষায় অশ্রুসিক্ত বাবা-মা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রতনপুর গ্রামের এক কৃষক পরিবারের দিন কাটছে অনিশ্চয়তা আর অপেক্ষায়। নিখোঁজ ছেলে রাফিন তাহসিনকে (১৪) খুঁজে পাওয়ার আশায় প্রতিটি দিন পার করছেন বাবা-মা। কখনো ছেলের পড়ার বই হাতে নিয়ে, কখনো নীরবে চোখের জল ফেলে সন্তানের স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন তারা। গত দুই মাস ধরে এমনই অসহনীয় সময় পার করছে পরিবারটি।

জানা গেছে, উপজেলার রতনপুর গ্রামের কৃষক মাহফুজুর রহমান ও জলি খাতুন দম্পতির বড় ছেলে রাফিন তাহসিন শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত ২৬ এপ্রিল সকালে নিজের প্রিয় বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। পরে ক্লাস শেষে দুপুরে স্কুল থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার দিন চড়িয়ারবিল বাজার এলাকায় তাহসিনের বাইসাইকেলটি উদ্ধার করা হলেও এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করা হয়েছে। এরপর থেকে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চালিয়েও তার সন্ধান মেলেনি।

নিখোঁজ শিক্ষার্থীর মা জলি খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্কুলে যাওয়ার কথা বলে বের হয়েছিল। এরপর থেকে এমন কোনো জায়গা নেই যেখানে আমরা খুঁজিনি। প্রতিদিন নতুন নতুন এলাকায় খুঁজতে যাই। কিন্তু আমার সোনার কোনো খোঁজ পাচ্ছি না। শুধু মনে হয়, এই বুঝি আমার ছেলে ফিরে আসবে। ছোট মেয়েটাও বারবার জিজ্ঞেস করে—'আম্মু, ভাইয়া কবে বাসায় আসবে?

বাবা মাহফুজুর রহমান বলেন, প্রতিদিনই ছেলেকে খুঁজে বেড়াই। এমন কোনো দিন নেই যেদিন তাকে খুঁজিনি। আল্লাহ যেন যেকোনো মূল্যে আমার সন্তানকে আমাদের কোলে ফিরিয়ে দেন। আমার ছেলে জীবনে একদিনের জন্যও আমাদের ছেড়ে কোথাও থাকেনি। সে কোথায় আছে, কেমন আছে—আমরা কিছুই জানি না।

রাফিন তাহসিন দীর্ঘদিন নিখোঁজ থাকায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন স্বজন ও এলাকাবাসীও। প্রতিদিন কেউ না কেউ তাদের বাড়িতে এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। পুরো গ্রামজুড়েই নেমে এসেছে শোক ও উৎকণ্ঠার ছায়া।

প্রতিবেশী মেহেদী হাসান বলেন, যদি কেউ শিশুটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে দয়া করে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। পুরো রতনপুর গ্রাম এখন রাফিন তাহসিনের ফিরে আসার অপেক্ষায়।

শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন জায়গায় অনুসন্ধান করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শিশুর সন্ধান পেলে তার বাবা মাহফুজুর রহমানের মোবাইল নম্বরে (০১৭৮৯-৯৭৩৩৭৩) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

সম্রাট হোসেন/আরকে

বিজ্ঞাপন