বিজ্ঞাপন

নোয়াখালীতে তিন দিন ধরে টানা বৃষ্টি, চোখ রাঙাচ্ছে বন্যা

নোয়াখালীতে তিন দিন ধরে টানা বৃষ্টি, চোখ রাঙাচ্ছে বন্যা

টানা তিন দিনের ভারী বর্ষণে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক নিচু এলাকায় পানি জমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং উজান থেকে নেমে আসা ঢলের শঙ্কায় জেলার মানুষের মধ্যে আবারও বন্যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) জেলা সদর, বেগমগঞ্জ, সেনবাগ, চাটখিল, সোনাইমুড়ী, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও হাতিয়ার বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। অনেক স্থানে বসতবাড়ির আঙিনা, পুকুর ও কৃষিজমিতে পানি বাড়ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

জেলা সদরের বাসিন্দা মো. সোহেল বলেন, তিন দিন ধরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। বৃষ্টি থামলেই মনে হয় পানি নামবে, কিন্তু কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হয়। রাস্তাঘাটে পানি জমে চলাচল খুবই কষ্টকর হয়ে পড়েছে।

সেনবাগ উপজেলার কৃষক আবদুল কাদের বলেন, আমনের বীজতলা ও সবজিক্ষেতে পানি জমে গেছে। আরও কয়েক দিন এভাবে বৃষ্টি চললে ফসলের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

কোম্পানীগঞ্জের রিকশাচালক রফিকুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে যাত্রী কম। সারাদিন রিকশা চালিয়েও ঠিকমতো আয় হচ্ছে না। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

চাটখিল উপজেলার স্কুলশিক্ষার্থী আরিয়ান বলে, টানা বৃষ্টির কারণে স্কুলে যেতে পারছি না। এতে পড়াশোনায় সমস্যা হচ্ছে। বৃষ্টি দেখে ভয়ও লাগছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যার মতো পরিস্থিতি আবার তৈরি হলে অনেক মানুষ বিপদে পড়বে।

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রিফাত জামিল বলেন, বর্তমানে নোয়াখালী অঞ্চলে বন্যার কোনো ঝুঁকি নেই। তবে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। জেলার নদ-নদীর পানির স্তর বর্তমানে বিপৎসীমার ১ দশমিক ২৫ মিটার নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে নদীভাঙন প্রতিরোধ ও বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হলে তা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া কোনো খাল, কালভার্ট বা পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরকে

বিজ্ঞাপন