বরগুনার পর্যটন কেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় অতিরিক্ত পানির স্রোতের তিনি নিখোঁজ হন। তালতলী থানা পুলিশের ওসি তদন্ত মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তালতলী উপজেলার পর্যটন কেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের উপস্থিতিতে ও পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।
নিখোঁজ ওই পর্যটকের নাম মো. আসাদুল (১৬)। তিনি বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি নামক এলাকার বাসিন্দা মুসার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে নিখোঁজ আসাদুলসহ সমবয়সী ৪ জন একসঙ্গে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। পরে তারা সৈকতে নেমে ঘোরাঘুরি করে গোসলের জন্য সমুদ্রে নামেন। তবে কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে সাগরের পানি উত্তাল থাকায় আসাদুলসহ অন্যরা স্রোতে ভেসে যায়। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় ৪ জনকে উদ্ধার করা গেলেও আসাদুলকে উদ্ধার করা যায়নি। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে স্থানীয়দের সহায়তায় নিখোঁজ আসাদুলকে উদ্ধার করতে অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শরিফুল ইসলাম বলেন, দুপুরের দিকে পাঁচজন একসঙ্গে ঘুরতে এসে সমুদ্রে নেমে আসাদুল নামে একজন পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ পর্যটক আসাদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
আব্দুল আলীম/আরকে
