মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সুফিয়া বেগম (৪২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই এলাকার ইসমাইলের স্ত্রী। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার হরগজ বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে নিহতের ভাই পুলিশের কাছে তথ্য দেন, তার বোনকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বিষয়টি তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, নিহতের হাতে ও পেটে কাটা দাগ রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে, যা ঘটনাটিকে ঘিরে সন্দেহ আরও ঘনীভূত করেছে।
এ ঘটনায় নিহতের স্বামী ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে। সেই সাথে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সাইফুল ইসলাম/এসএইচএ
