থাইল্যান্ডে অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতায় এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ৮ বছর বয়সী সামিনা নূর তাজ। সে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে গাজীপুরের কালিয়াকৈরে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে সামিনা নূর তাজকে সংবর্ধনা দেয় কর্তৃপক্ষ।
তাজ জামালপুর জেলার মেস্তা গ্রামের মো. সানোয়ার হোসেন মামুনের কন্যা। তারা সপরিবারে গাজীপুরের কালিয়াকৈরে বসবাস করেন।
স্কুল কর্তৃপক্ষ জানায়, প্রতিভাবান এই শিক্ষার্থী ২০২৩ সালের ১ জুন আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রাক-প্রাথমিক শাখার নার্সারিতে ভর্তি হয়। এই বিদ্যানিকেতনে পথচলার শুরু থেকে সে প্রতিটি ধাপে মেধার স্বাক্ষর রেখে আসছে। বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও আঞ্চলিক প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে নানাবিধ পুরস্কার অর্জন করে তাজ। সম্প্রতি তাজ হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড ২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করেছে।
এর আগে, ২০২৬ সালের ২৫ এপ্রিল ঢাকার স্মার্ট ইনোভেশন স্কুলে অনুষ্ঠিত প্রথম সিলেকশন রাউন্ডের মধ্য দিয়ে তার পথচলা শুরু হয়। তারপর ২৩ মে নারায়ণগঞ্জের হেরিটেজ স্কুলে অনুষ্ঠিত পরবর্তী রাউন্ডে সারাদেশে ২য় স্থান অধিকার করে। গত ৩ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত হয় এশিয়া মহাদেশীয় অঞ্চলের প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় সামিনা নূর তাজ এশিয়া মহাদেশে ১ম স্থান অধিকারের গৌরব অর্জন করে।
তাজ বলে, তার এই পথচলায় অনন্য অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতা প্রদান করেছে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও তাজের এই অসামান্য পথচলায় তার পিতা-মাতার অবদান অনস্বীকার্য। তার মায়ের সার্বক্ষণিক প্রচেষ্টায় সে মেধার বিকাশ ঘটিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। শৈশব থেকে সে ইংরেজি ভাষার প্রতি গভীর অনুরাগী ছিল।
তাজকে নিয়ে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. জলিল উদ্দিন জানান, তাজ শুধু আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান নয়, সে সারা দেশের গর্ব। তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে। সে যখন স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে ইংরেজিতে কথা বলতো, তখন থেকেই আমি বুঝেছিলাম তাকে দিয়ে কিছু হবে। আল্লাহর রহমতে সে ইতোমধ্যেই পুরো দেশের গৌরব হয়ে উঠেছে। তার লেখাপড়ার জন্য ভবিষ্যতে সব খরচ আমাদের প্রতিষ্ঠান বহন করবে।
প্রতিষ্ঠানটি জানায়, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ইতালিতে অনুষ্ঠিতব্য ইউনিভার্সাল রাউন্ডে তাজ বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
আশিকুর রহমান/এসএইচএ
