মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে ও আরও এক স্কুলছাত্রী। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার চরখণ্ড গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামনা রানি দাশ (৩৬) ভগবানপুর গ্রামের সফল সূত্রধরের স্ত্রী। আহতরা হলো- নিহত নারীর ছেলে অর্ক (৯) ও অন্যজন স্কুলছাত্রী নূসরাত আলম (১৪)। তারা বর্তমানে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কামনা রানি দাশ গোলড়া এলাকার আকিজ ফাউন্ডেশন স্কুল থেকে ছেলে অর্ককে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা বাসের জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। হঠাৎ আরিচা থেকে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায় এবং পরে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত কামনা রানি দাশ ও দুই শিক্ষার্থীকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কামনা রানিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মাতুব্বর জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কামনা রানি দাশ মারা গেছেন। অন্য আহত দুই শিক্ষার্থী অর্ক ও নূসরাত আলম ছাড়াও ট্রাকের দুই হেলপার শহিদুল ইসলাম (৪৫) ও রিপন হোসেন (৪০) চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালক বিল্লাল হোসেনকে (৩৫) আটক করে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে।
সাইফুল ইসলাম/এসএইচএ
