রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেছেন, রংপুরকে একটি আধুনিক, পরিকল্পিত নগরী হিসেবে গড়তে চাই। উন্নয়ন নিয়ে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। রংপুরের শ্যামাসুন্দরী খাল, কেডি খালের উন্নয়ন, ভাল সড়ক নেই, রাস্তা-ঘাট ভাঙা, অপরিকল্পিতভাবে ঘরবাড়ি হচ্ছে। তাই মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে নগরীর উন্নয়ন করা হবে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে রংপুর বিভাগীয় সদর দপ্তরস্থ রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রউক চেয়ারম্যান সামু বলেন, পিছিয়ে পড়া রংপুরের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। রংপুরের উন্নয়ন করতে গেলে সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। আজকের দিনে আমি সবার সহযোগিতা কামনা করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর চেম্বারের সভাপতি এমদাদুল হকসহ অন্যরা।
এর আগে গত ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে সামসুজ্জামান সামুকে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুযায়ী সামসুজ্জামান সামুকে চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সামসুজ্জামান সামু রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রংপুরের রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। গেল জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর -৩ আসনে বিএনপি মনোননীত প্রার্থী ছিলেন।
চলতি বছরের জানুয়ারিতে সরকার রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে প্রজ্ঞাপন জারি করে। পরে এসংক্রান্ত আইনও কার্যকর হয়। কর্তৃপক্ষের দায়িত্ব হবে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা, নগর উন্নয়নের মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ এবং অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সমন্বয় করা।
রংপুরে দীর্ঘদিন ধরে একটি উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দাবি ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, চেয়ারম্যান নিয়োগের পর কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে নতুন এই প্রতিষ্ঠানের প্রশাসনিক ও কার্যকরী কর্মকাণ্ড শুরু হওয়ার পথ আরও সুগম হলো।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে
