বিজ্ঞাপন

ঘরে স্ত্রীর মরদেহ রেখে সন্তান নিয়ে পালিয়ে যাওয়া ইমাম গ্রেপ্তার

ঘরে স্ত্রীর মরদেহ রেখে সন্তান নিয়ে পালিয়ে যাওয়া ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাওঁ গ্রামে ঘরে স্ত্রীর মরদেহ রেখে সন্তান নিয়ে পালিয়ে যাওয়া মসজিদের ইমাম মোহাসিন মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআিই)। গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলা থেকে মঙ্গলবার (৭ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মোহাসিন মাতুব্বর পূর্ব বালিগাঁও জামে মসজিদের ইমাম ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের ওমর আলী মাতুব্বরের ছেলে।
 
এর আগে গতকাল সোমবার টংগিবাড়ী উপজেলার পূর্ব বালিগাঁও এলাকায় ভাড়া বাসা থেকে আসমা আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পূর্ব বালিগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা মোহাসিন মাতুব্বরের স্ত্রী। ঘটনার পর চার বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে পালিয়ে যান মোহাসিন। এ ঘটনায় নিহতের ভাই শামীম বাদী হয়ে টংগিবাড়ী থানায় হত্যা মামলা করেন।

বালিগাঁও এলাকার অপর একটি মসজিদের ইমাম নাম প্রকাশ না করার শর্ত বলেন, ইমাম মোহাসিন তার স্ত্রীকে দিয়ে ওই এলাকার বাচ্চাদের প্রাইভেট পড়াইতো। প্রাইভেট বেশি বেশি না পড়াইলে তাকে প্রায়ই মারধর করতো। এছাড়াও সে বর্তমানে দ্বিতীয় একটি বিয়ে করেছে। 

পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ পূর্ব বালিগাঁও এলাকার একটি টিনশেড ভাড়া বাসা থেকে আসমা আক্তারের মরদেহ উদ্ধার করে। মোহাসিন মাতুব্বর গত ছয় মাস ধরে পূর্ব বালিগাঁও জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রায় চার মাস ধরে তিনি স্ত্রী আসমা ও চার বছর বয়সী কন্যাকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। আসমা স্থানীয় শিশুদের বাসায় গিয়ে আরবি পড়াতেন।

এদিকে মাওলানা মোহাসিন বাড়ির মালিক মো. নুর ইসলামকে ফোন করে দাবি করেন- বেলা ১১টার দিকে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় স্ত্রীকে ঝুলতে দেখেন। পরে ওড়না কেটে নিচে নামিয়ে নাক-মুখে পানি দিলেও স্ত্রীর কোনো সাড়া পাননি। এতে ভয় পেয়ে চার বছর বয়সী মেয়েকে নিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান।

টংগিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ ঢাকা পোস্টকে বলেন, ওই ইমাম স্ত্রীকে গলাটিপে হত্যা করে শিশু সন্তান নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ভাই শামীম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পিবিআই মোহাসিনকে গ্রেপ্তার করেছে।

ব.ম শামীম/আরএআর

বিজ্ঞাপন