জামালপুরে সাবেক আইন কর্মকর্তা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র, গুলি, ককটেল, পেট্রোল বোমা ও বিদেশি মদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় মনোয়ার আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলার ওই কার্যালয় থেকে এসব উদ্ধার করা হয়।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় কার্যালয় থেকে ২টি দেশীয় পাইপগান, ৯ মিলিমিটার পিস্তলের ৪ রাউন্ড গুলি, শর্টগানের ৪ রাউন্ড গুলি, ৬টি ককটেল, ২টি পেট্রোল বোমা এবং ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি জানান, অভিযানের সময় সংশ্লিষ্ট আইনজীবী কার্যালয়ে ছিলেন না। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবের ভেতর থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
এ সময় গণমাধ্যমকর্মী ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী সঙ্গে রেখে পুলিশ-এ অভিযান পরিচালনা করেন। তবে এ ঘটনায় অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনি বা সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
প্রসঙ্গত, অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনি কার্যক্রম নিষিদ্ধ দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী শাসনামলে তিনি আইনজীবী পরিষদ থেকে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি জামালপুর আদালতে সরকারি আইন কর্মকর্তা (এপিপি) ছিলেন।
এএমকে
