বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ১১ নারী আটক, সংঘবদ্ধ অপরাধে জড়িত থাকার দাবি পুলিশের

সিরাজগঞ্জে ১১ নারী আটক, সংঘবদ্ধ অপরাধে জড়িত থাকার দাবি পুলিশের

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১১ নারীকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য বলেও জানিয়েছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীদের কাছে থেকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

আটক নারীরা হলেন- নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের সুফিয়া খাতুন (৪০), খোদেনা আক্তার দিলারা (৩৫), হামিদা আক্তার মিনা (২৪), পারভীন (৩০), বৃষ্টি (২৫), রোজিনা আক্তার সায়দা (৩০), বিউটি খাতুন (৩৫), শেফা আক্তার (২১), তামান্না (৩০), জুমা (২০) এবং সুবিনা আক্তার লাকী (২০)।

থানা পুলিশ সূত্র আরও জানা গেছে, আটক নারীরা বিভিন্ন জেলা থেকে এসে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করতেন। তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানকারীরা পালানোর চেষ্টা করেন। পরে নারী পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

মো. নাজমুল হাসান/এসএইচএ