বিজ্ঞাপন

শেরপুরে অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু

শেরপুরে অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু

মাঠে ঘাস খাওয়া অবস্থায় সেচ লাইনের অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে ৫টি গরু মারা গেছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, কাপাশিয়া মাঠে ঘাস খাওয়ার জন্য গরু চড়াতে দেন স্থানীয় কৃষক আজগর আলী, শাহাদত হোসেন, আলম মিয়া ও আব্দুল আওয়াল। তাদের ৫টি গরু মাঠে ঘাস খাওয়ার সময় বিকেল ৩টার দিকে একই এলাকার হাশমত আলীর সেচ পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তারে প্রথমে একটি গরু জড়িয়ে পড়ে যায়। এ ঘটনা দেখে স্থানীয় হাফিজুর রহমান দৌড়ে কাছে গেলে ততক্ষণে আরও চারটি গরু বিদ্যুতায়িত হয়ে কাঁদায় লুটিয়ে পড়ে।  বর্তমান বাজারে গরুগুলোর মূল্য প্রায় ৫ লাখ টাকা।

অভিযোগ রয়েছে, আবাসিক সংযোগ নিয়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবৈধভাবে ওই সেচপাম্প পরিচালনা করছেন হাশমত।

নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, কাপাশিয়া গ্রামে কৃষকদের ৫টি গরু বিদ্যুতায়িত মারা গেছে। এ তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাইমুর রহমান তালুকদার/আরএআর