বরগুনায় পল্লী বিদ্যুতের একটি গ্রিড সাবস্টেশনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ ২৩ ঘণ্টা সময় ধরে মেরামতের পর সাবস্টেশনটির বিদ্যুৎ সঞ্চালন চালু করা হয়েছে। এ ঘটনায় প্রায় ২৪ ঘণ্টা পর বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা ফিরে পেয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খেজুরতালা নামক এলাকার গ্রিড সবস্টেশনে হঠাৎ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় প্রায় ২৫ বছর আগে পল্লী বিদ্যুতের একটি গ্রিড সাবস্টেশন স্থাপন করা হয়। ওই স্টেশনটির মাধ্যমেই বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাহকদের পল্লী বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু গতকাল সোমবার (৬ জুলাই) রাতে হঠাৎ করে ওই গ্রিড সব স্টেশনটিতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সঙ্গে ওই স্টেশনটিতে আগুনেরও সূত্রপাত হয়। তবে আগুনের স্থায়িত্ব মাত্র ১ থেকে ২ মিনিট হলেও স্টেশনের ভিতরে থাকা বিভিন্ন ফিডার, তারের সংযোগ পুড়ে যাওয়াসহ কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে ওই একটি স্টেশন থেকে বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের বিদ্যুৎ সঞ্চালন ও নিয়ন্ত্রণ বন্ধ হয়ে যাওয়ায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন।
পরবর্তীতে ঘটনার পরপরই স্থানীয় পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি সাবস্টেশনটির মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন চলু করতে গতকাল রাত থেকেই তারা কাজ শুরু করেন। পাশাপাশি গ্রাহকদের দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করতে পটুয়াখালী থেকে পুড়ে যাওয়া যন্ত্রাংশ নিয়ে আসা হয়। এরপর দীর্ঘ ২৩ ঘণ্টা ধরে সবস্টেশনটির সকল ফিডার ও সংযোগ তারসহ বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামতের পর রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সঞ্চালন চালু করতে সক্ষম হয় পল্লী বিদ্যুৎ বিভাগ। এতে প্রায় ২৪ ঘণ্টা পর বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা ফিরে পেয়েছেন।
এবিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার পর থেকেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আমরা কাজ শুরু করি। দীর্ঘ সময় পার হলেও সাবস্টেশনটির বিদ্যুৎ সঞ্চালন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়েছে। তবে সকল এলাকায় একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু না করতে পারলেও পর্যায়ক্রমে সকল এলাকায় চালু করা হবে।
আব্দুল আলীম/এসএইচএ
