মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ৮ বছরের এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে ৭০ বছরের এক মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানাগেছে, গত ১ জুলাই সকাল সাড়ে ৭ টার দিকে লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের বাশিরা গ্রামের মুদি দোকানদার মোঃ আবু বাক্কার তার দোকানের ভিতরে ৮ বছরের এক মেয়ে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি ডাক চিৎকার দিলে আসামি তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।
এই ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার (৭ জুলাই) লৌহজং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়।
মামলা রুজু হওয়ার পর লৌহজং থানা পুলিশের একটি বিশেষ টিম দ্রুত অভিযান চালিয়ে মামলার আসামি অভিযুক্ত মোঃ আবু বাক্কারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। পরে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।
এ ব্যাপারে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ব.ম শামীম/এমটিআই
