বিজ্ঞাপন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নারীর মৃত্যু, আহত দুই

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নারীর মৃত্যু, আহত দুই
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় টানা ভারী বৃষ্টিতে পাহাড় ধসে রেনু আক্তার (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
 
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ইছাখালী গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্র জানায়, টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ের একটি অংশ ধসে বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা রেনু আক্তার ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় আরও দুইজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
 
এদিকে, অব্যাহত বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।
 
ইউএনও মো. নাজমুল হাসান বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। পাহাড় ধসের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
 
এনামুল হক নাবিদ/এমটিআই

বিজ্ঞাপন