বিজ্ঞাপন

ছাগলের জন্য কাঁঠালপাতা পাড়তে গিয়ে প্রাণ গেলো কৃষকের

ছাগলের জন্য কাঁঠালপাতা পাড়তে গিয়ে প্রাণ গেলো কৃষকের

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ছাগলের জন্য কাঁঠাল গাছের পাতা পাড়তে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজীম উদ্দীন ওরফে খাজা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজীম উদ্দীন উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বাবুরহাট এলাকার মৃত নদেশ তালুকদারের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ছাগলের জন্য কাঁঠাল গাছের পাতা সংগ্রহ করতে কাজীম উদ্দীন একটি আম গাছে ওঠেন। সেখান থেকে বাঁশের লাঠি দিয়ে পাশের কাঁঠাল গাছের পাতা পাড়ার চেষ্টা করেন। একপর্যায়ে বাঁশের লাঠিটি গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ গাছেই ঝুলন্ত অবস্থায় ছিল।

স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নুর হাসান/এমটিআই

বিজ্ঞাপন