বিজ্ঞাপন

সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাজার থেকে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। পরে আইন অনুযায়ী জব্দ করা মাছ ধ্বংস করা হয়। তবে অভিযানের খবর পেয়ে মাছ বিক্রেতা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার পৌরসভার টিপুরর্দী মাছ বাজারে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার। এ সময় সোনারগাঁ থানা পুলিশ অভিযানে সহায়তা করে।

স্থানীয় বাসিন্দা ও মাছ ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে বাজারটিতে কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে বাজার থেকে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী পালিয়ে যান।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। পরে বিধি অনুযায়ী মাছগুলো বিনষ্ট করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, পিরানহা মাছের চাষ ও বাজারজাতকরণ সরকারিভাবে নিষিদ্ধ। মাছটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এটি বিক্রি করে থাকে। জব্দ করা মাছ বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোঃমীমরাজ হোসেন/এমটিআই

বিজ্ঞাপন