বিজ্ঞাপন

গরুর পঁচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গরুর পঁচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের মধুখালীতে গরুর পঁচা মাংস বিক্রি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা প্রায় দুই মণ পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট বাজারে এ অভিযান পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে. এম. তানজির নাঈম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগাট বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে মো. জাকির হোসেনের মাংসের দোকানে গিয়ে গরুর পঁচা মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত জাকির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করেন। পাশাপাশি দোকান থেকে উদ্ধার করা প্রায় দুই মণ পঁচা মাংস জব্দ করে তা মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে. এম. তানজির নাঈম বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে জব্দ করা পঁচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

জহির হোসেন/এমটিআই

বিজ্ঞাপন