ময়মনসিংহের তারাকান্দায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে চার গ্রাম হেরোইনসহ আরও একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, গোপন তথ্য ও অভিযোগের ভিত্তিতে কাকনী ইউনিয়নের বাঁশতলা এলাকায় ফারুক নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মাদক সেবনের সময় সেলিম ফকির, আবুল হাসেম ও মুসলিম ফকিরকে আটক করা হয়।
পরে অভিযুক্তদের দোষ স্বীকারোক্তি এবং উপস্থিত সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সেলিম ফকিরকে ছয় মাস, আবুল হাসেমকে দুই মাস এবং মুসলিম ফকিরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
একই অভিযানে মো. ফারুক নামে আরেক ব্যক্তির কাছ থেকে চার গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রশাসনের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের পরিদর্শক কানিজ ফাতেমাকে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। তাকে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. নাজমুস ছালেহীন। এ সময় তারাকান্দা থানা পুলিশ, আনসার সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, উপজেলাকে মাদকমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাখাওয়াত সুমন/এমটিআই
