বিজ্ঞাপন

ট্রেনের যাত্রীদের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা

ট্রেনের যাত্রীদের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা

রাজবাড়ীর কালুখালী রেলওয়ে স্টেশনে টানা ছয় বছর ধরে ট্রেনের তৃষ্ণার্ত যাত্রীদের বিনামূল্যে পানি পান করিয়ে আসা মানবিক মানুষ মুন্নু শেখকে সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করেছে কালুখালী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন তার কার্যালয়ে মুন্নু শেখের হাতে আর্থিক সহায়তা ও সম্মাননা তুলে দেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুন্নু শেখের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। তার নিঃস্বার্থ মানবসেবায় মুগ্ধ হয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মুন্নু শেখ রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম রতনদিয়া গ্রামের মোবারক শেখের ছেলে। প্রতিদিন দুপুরে কালুখালী রেলওয়ে স্টেশনে দেখা মেলে তার ব্যতিক্রমী মানবিক কর্মকাণ্ডের। ট্রেন স্টেশনে পৌঁছানোর আগেই হাতে বালতি ও ঠান্ডা পানিভর্তি বোতল নিয়ে প্ল্যাটফর্মজুড়ে ছুটে বেড়ান তিনি। কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের ব্যানারে নয়, শুধু মানবিক দায়বদ্ধতা থেকেই তৃষ্ণার্ত যাত্রীদের হাতে তুলে দেন এক বোতল করে পানি।

বর্তমান সময়ে যখন স্বার্থ ছাড়া অনেকেই এক পা এগোতে চান না, তখন মুন্নু শেখের এই নিঃস্বার্থ উদ্যোগ স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের হৃদয় ছুঁয়ে গেছে। তবে তার এই মানবিক কাজের পেছনে রয়েছে এক হৃদয়বিদারক গল্প।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, মুন্নু শেখের মতো মানুষ সমাজের জন্য অনুকরণীয়। তিনি কোনো স্বার্থের জন্য নয়, শুধু মানবিক দায়িত্ববোধ থেকে দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে যাচ্ছেন। তার এই মহৎ উদ্যোগকে সম্মান জানাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষও যদি তার পাশে দাঁড়ান, তাহলে তিনি আরও ভালোভাবে এই মানবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে