বিজ্ঞাপন

হবিগঞ্জে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউনিক পরিবহনের বাসচালক তাজুল ইসলাম রুবেল (৫০)। তিনি কিশোরগঞ্জের কাটিয়াদী পৌরসভার দড়ি চরিয়াকোনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। অপরজন নুর মোহাম্মদ, তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাদ্দাম হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী লাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ইউনিক পরিবহনের বাসচালক তাজুল ইসলাম রুবেল ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া দুর্ঘটনায় অন্তত ১২-১৫ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আহত নুর মোহাম্মদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঢাকা পোস্টকে বলেন, বুধবার (৮ জুলাই) সকালে  বাহুবল উপজেলার ডুবাঐ এলাকায় আকিজ ভেঞ্চার ফ্যাক্টরির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসচালকসহ কয়েকজন যাত্রী আহত হন। পরে তাদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউনিক পরিবহনের বাসচালককে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত দুটি বাস মহাসড়ক থেকে সরানোর ব্যবস্থা করে যানচলাচল স্বাভাবিক করে।

মাসুদ আহমদ রনি/এএমকে