রাজবাড়ীর কালুখালী উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ও অসাধু উপায় অবলম্বনের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকালে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও অধ্যক্ষ শিকদার মমতাজ আহম্মেদ।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, বহিষ্কৃত পাঁচ পরীক্ষার্থীই কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে এক জন ছাত্রী ও বাকি চারজন ছাত্র । পরীক্ষা চলাকালে তারা মোবাইল ফোন ব্যবহার ও অসাধু উপায় অবলম্বন করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার হলে কোনো ধরনের অসাধু উপায় অবলম্বনের সুযোগ নেই। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
মীর সামসুজ্জামান সৌরভ/আরকে
