চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় শের মোহাম্মদ (৬৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার নেকজান বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক উপজেলার সুরানপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে ময়েন আলীকে (১৯) আটক করে পুলিশ। নিহত শের মোহাম্মদ উপজেলার চরধরম গ্রামের মৃত আলী জান লায়েকের ছেলে।
স্থানীয়রা জানান, শের মোহাম্মদ বাইসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. পলাশ কুমার সাহা তাকে মৃত ঘোষণা করেন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চালককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আশিক আলী/আরকে
