বিজ্ঞাপন

বৈরী আবহাওয়ায় সাগরে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে

বৈরী আবহাওয়ায় সাগরে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে

বৈরী আবহাওয়ার মধ্যে সাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনা তালতলী উপজেলার এফবি মহিমা নামের একটি ট্রলারডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। ট্রলারটিতে থাকা ১৮ জেলের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হলেও ট্রলারটিসহ দুই জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

বুধবার (৮ জুলাই) দুপুরের দিকে তালতলী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান পরিচালনা করতে কোস্টগার্ড সদস্যদেরকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার (৭ জুলাই) তালতলী থেকে মাছ শিকারের উদ্দেশ্যে ওই এফবি মহিমা নামে ওই ট্রলারটি সাগরে গিয়ে বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে ডুবে যাওয়ার ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন- কালম (৬০) ও শহীদ (৫৫)। তারা দুজনই বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা।

ডুবে যাওয়া ট্রলারের মালিক তপন জোমাদ্দার ও স্থানীয় সূত্রে জানা যায়, তালতলী উপজেলা ফকিরহাট এলাকার সকিনা নামক এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোর রাতের দিকে ১০-১৫টি ট্রলার নিয়ে জেলেরা একসঙ্গে মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে রওনা করে যান। পরে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় পানির চাপে একটি ট্রলার বিকল হয়ে যায়। পরবর্তী সময়ে ওই ট্রলারে থাকা জেলেদের সহযোগিতার জন্য এফবি মহিমা নামের ট্রলারটি সেখানে গেলে বিকল হওয়া ট্রলার থেকে ৫ জেলে ডুবে যাওয়া ট্রলারটিতে ওঠেন। এরপর সাগরের উত্তাল ঢেউ এবং আবহাওয়ার অবস্থা খারাপ দেখে বিকল হওয়া ট্রলারসহ বাকি সব ট্রলার নিরাপদে ফিরে আসলেও এফবি মহিমা নামের ট্রলারটি ফিরতে পারেনি। 

বুধবার রাত ৩টার দিকে অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা সাগরে ভাসতে থাকা ১৬ জেলেকে জীবিত উদ্ধার করেন। পরে উদ্ধার ওই জেলেদেরকে পটুয়াখালীর মহিপুর থানার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তবে ডুবে যাওয়া ট্রলারটিসহ এখন পর্যন্ত নিখোঁজ দুই জেলের কোনো সন্ধান মেলেনি।

বরগুনার মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে ট্রলারডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। আমাদের পক্ষ থেকে নিখোঁজ জেলেদের খোঁজার জন্য দুটি ট্রলার প্রস্তুত করেছি। কিন্তু আবহাওয়ার যে অবস্থা তাতে এই মুহূর্তে সাগরে কোনো ট্রলার পাঠানো যাচ্ছে না।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সাগরে ট্রলারডুবে নিখোঁজ হওয়া ১৮ জেলের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ হয়েছে। এ ঘটনায় নিখোঁজ দুই জেলের বিষয়ে কোস্ট গার্ডকে অবগত করা হয়েছে। তারা জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 

আব্দুল আলীম/আরকে

বিজ্ঞাপন