বিজ্ঞাপন

নরসিংদীতে রেলস্টেশনে হামলায় আহত বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

নরসিংদীতে রেলস্টেশনে হামলায় আহত বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটের শিকার বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম  (৭০) মারা গেছেন। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বুধবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশের মাধ্যমে ববি বেগমের মরদেহ হাসপাতালের মর্গে আনা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জানা যায়, গত ৪ জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে ববি বেগমের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে তার জমানো প্রায় ৪০ হাজার টাকা লুট করে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি আবার স্টেশনে ফিরে যান।

এদিকে মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুগেরও বেশি আগে একটি ট্রেন থেকে মেথিকান্দা রেলস্টেশনে নেমে আর কোথাও যাননি বাকপ্রতিবন্ধী ববি বেগম। এরপর স্টেশনই হয়ে ওঠে তার স্থায়ী আশ্রয়। দীর্ঘদিন ধরে তিনি বিনা পারিশ্রমিকে প্ল্যাটফর্ম ও শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন।

বয়সের কারণে চলাফেরায় অক্ষম হয়ে পড়লে মানবিক বিবেচনায় স্টেশন কর্তৃপক্ষ তাকে একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করে দেয়। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা তাকে নিয়মিত খাবার এবং আর্থিক সহায়তা করতেন। সেই অর্থের বেশির ভাগই তিনি খরচ না করে ২০ থেকে ২৫ বছর ধরে জমিয়ে রেখেছিলেন। স্থানীয়দের ধারণা, তার জমানো অর্থের লোভেই হামলার ঘটনা ঘটেছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। প্রশাসন, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তার পাশে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানেন এই অসহায় নারী। তার ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সবাই। 

রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে। রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমিনুর রহমান সাদী/আরএআর

বিজ্ঞাপন