বিজ্ঞাপন

নরসিংদীতে ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

নরসিংদীতে ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় টানা ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত তানঝুমা মাইজপাড়া গ্রামের আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানায়, দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরে তানঝুমা। এ সময় বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল টানা ভারী বর্ষণের কারণে হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির বাবা চট্টগ্রামের কক্সবাজারে আছেন। তিনি বাড়িতে ফিরলে তানঝুমার দাফন সম্পন্ন করা হবে।

রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা জানান, শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরে পরিত্যক্ত মাটির ঘরের দেয়ালের পাশে দাঁড়িয়ে ছিল। ভারী ভর্ষণের কারণে মাটির দেয়ালটি ভিজে নরম হয়ে ধসে পড়ে। ওই দেয়ালের নিচে চাপা পড়ে শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, উপজেলা প্রশাসন থেকে পরিবারটিকে সার্বিক সহযোগিতা করা হবে। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, দেয়ালচাপা পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরকে

বিজ্ঞাপন