বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- খন্দকার পাড়ার প্রবাসী মো. রিয়াজের মেয়ে মায়েশা আক্তার (৩.৫) ও টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে মুজাহিদুল ইসলাম (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন। মুজাহিদকে বাঁচাতে গিয়ে মায়েশার মৃত্যু হয়।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়েশা ও মুজাহিদ একসঙ্গে খেলছিল। একপর্যায়ে মুজাহিদ পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে মায়েশাও পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার বলেন, ঘটনাটি দুঃখজনক। একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন মারা গেছে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মাসুদ জাহান বলেন, পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছে। এখানে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে বিস্তারিত জানা নেই।

হাসান মাহমুদ শাকিল/আরএআর

বিজ্ঞাপন