বিজ্ঞাপন

ভারী বৃষ্টিপাত

বৃহস্পতিবার রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

বৃহস্পতিবার রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

‎টানা পঞ্চম দিনের মতো রাঙামাটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়ার এই অস্বাভাবিক পরিস্থিতিতে শহরের বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বাড়ছে জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি। এ পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) রাঙামাটি পার্বত্য জেলার সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

‎বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেলে এক জরুরি ঘোষণায় এ সিদ্ধান্ত জানানো হয়। নেজারত শাখার ডেপুটি কালেক্টর শেখ সালমান বিষয়টি নিশ্চিত করেছেন।

‎জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধস ও জলাবদ্ধতার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট ও বাড়িঘরে পাহাড়ধসের ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক স্কুল ও কলেজও প্লাবিত হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

‎এদিকে টানা বর্ষণে পাহাড়ি ঢল ও নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলার বাঘাইছড়ি-দীঘিনালা ও লংগদু-দীঘিনালা সড়কের বিভিন্ন অংশ এবং বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী ও পৌর এলাকার উগলছড়ি সড়ক প্লাবিত হয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। 

‎জেলা প্রশাসন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠে কাজ করছে।

‎‎মোস্তফা কামাল রাজু/আরএআর