বিজ্ঞাপন

কুমিল্লায় অটোরিকশায় লরির ধাক্কায় প্রাণ গেল দুইজনের

কুমিল্লায় অটোরিকশায় লরির ধাক্কায় প্রাণ গেল দুইজনের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় লরির ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। বুধবার (৮ জুলাই) বিকেলে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নুরীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার পাঁচকিত্তা এলাকায় আব্দুল মান্নানের ছেলে অটোরিকশাচালক হানিফ মিয়া (৩৫) এবং দেবিদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের মনির হোসেনের ছেলে লাবিব হোসেন (১৫)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কুমিল্লার চান্দিনা উপজেলার নুরীতলা এলাকায় দ্রুতগতির একটি কন্টেইনারবাহী লরি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে লরি ও অটোরিকশা দুটিই মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি জাকির শিকদার ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগেই স্বজনরা মরদেহগুলো নিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আরিফ আজগর/আরএআর