পটুয়াখালীর দশমিনায় বিএনপির সভায় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামীলীগের পাঁচ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ জুলাই) সকালে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন অভিযুক্ত ৫ আ.লীগ নেতা। এসময় তারা জামিনের আবেদন করলে বিচারক আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, কারাগারে পাঠানো ৫ আসামিরা হলেন গৌতম রায়, কাজী আজাদ, শাহজাহান, জাকির হোসেন ভূঁইয়া (ভুট্টো) ও রমিজ মোল্লা। তারা মামলার এজাহারভুক্ত আসামি।
তারা সকলেই দশমিনা উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ- সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সভা চলাকালীন ককটেল বিস্ফোরণ, মঞ্চ ভাঙচুর, মালামাল লুটপাট এবং বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সবুজ ঢালি বাদী হয়ে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি ৪৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।
এদিকে মামলা দায়েরের পর আসামিরা পলাতক ছিলেন। পরে তারা উচ্চ আদালত থেকে দুই মাসের আগাম জামিন পান। জামিনের মেয়াদ শেষ হলে বুধবার পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় তারা জামিন আবেদন করলে আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দশমিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বেতাগী সানকিপুরের একটি মামলায় অভিযুক্ত পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালতের আদেশের কপি হাতে পাওয়ার প্রক্রিয়া চলমান।
সোহাইব মাকসুদ নুরনবী/এমটিআই
