বিজ্ঞাপন

ইটনার হাওরে নৌকা থামিয়ে ডাকাতি

ইটনার হাওরে নৌকা থামিয়ে ডাকাতি

কিশোরগঞ্জের ইটনা হাওরে চলন্ত নৌকায় ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় নৌকায় থাকা হাঁড়ি-পাতিল, ইঞ্জিনের প্রয়োজনীয় সরঞ্জাম, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (৮ জুলাই) রাত ৮ টার দিকে বাদলা ইউনিয়নের বর্শিকুড়া-শেয়ারপুর ব্রিজসংলগ্ন বগাডুবি খালের কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সদরঞ্জন দাস সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা।

তিনি জানান, হাঁসের বাচ্চা কিনতে নৌকাযোগে তাড়াইল উপজেলার দামিহা এলাকায় যাচ্ছিলেন। পথে বর্শিকুড়া-শেয়ারপুর ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে মাথায় হেলমেট পরা সাতজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে তাদের নৌকার গতিরোধ করে। পরে তারা নৌকায় থাকা হাঁড়ি-পাতিল, ইঞ্জিনের প্রয়োজনীয় সরঞ্জাম, দুটি মোবাইল ফোন এবং নগদ ৭৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ফুল মিয়া জানান, তিনি নদীতে পাহারার দায়িত্বে ছিলেন। হঠাৎ বগাডুবি খালের কাছে একটি নৌকা থেকে চিৎকার শুনে সেখানে ছুটে যান। গিয়ে দুই ব্যক্তিকে আতঙ্কিত অবস্থায় দেখতে পান। পরে তিনি তাদের বর্শিকুড়া বাজারে নিয়ে আসেন।

স্থানীয় বাসিন্দা রুমেল মিয়া বলেন, খবর পেয়ে তিনি বাজার থেকে সাতটি নৌকা নিয়ে স্থানীয়দের সঙ্গে ডাকাতদের ধাওয়া করেন। তবে ডাকাতদের নৌকাটি এলংজুরী ইউনিয়নের দিকে চলে গেলে অন্ধকারের কারণে তাদের আর খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, ঘটনাটি সম্পর্কে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাখাওয়াত হোসেন হৃদয়/এমটিআই

বিজ্ঞাপন