পাবনার চাটমোহর উপজেলায় নাসের আলী (৪৪) নামের এক ভ্যান চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গোরস্থানের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাসের আলী উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোইল টলটলিপাড়ার মৃত খোরশেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়াইলমারী গোরস্থান-সংলগ্ন এলাকায় একটি ভ্যানগাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে সবুজ হাসান বুদুর বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি নাসের আলীর বলে শনাক্ত করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, রাতে গোরস্থানের পাশে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সব ধনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরকে
