বিজ্ঞাপন

সিরাজদিখানে অ্যাম্বুলেন্সের ওপর গাছ পড়ে আড়াই ঘণ্টা বন্ধ ছিল সড়ক

সিরাজদিখানে অ্যাম্বুলেন্সের ওপর গাছ পড়ে আড়াই ঘণ্টা বন্ধ ছিল সড়ক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে গাছ উপড়ে পড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় একটি অ্যাম্বুলেন্স ও বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ইছাপুরা এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছ উপড়ে পড়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে বিষয়টি জানা যায়। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তার পাশের একটি বড় গাছ বৈদ্যুতিক লাইন ছিঁড়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের ওপর পড়ে আছে। এতে রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় জনতার সহায়তায় প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে গাছটি কেটে রাস্তা থেকে অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটিও উদ্ধার করা হয়। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণেই গাছটি উপড়ে পড়েছে।

ব. ম শামীম/আরকে

বিজ্ঞাপন