সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে মো. রিয়াদ (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। নিহত রিয়াদ ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি সত্য। বিষয়টি খতিয়ে দেখতে থানার জরুরি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
নাজমুল হাসান/আরকে
