বিজ্ঞাপন

মাদক ও জুয়ার মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না লালমনিরহাটের আইনজীবীরা

মাদক ও জুয়ার মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না লালমনিরহাটের আইনজীবীরা

মাদক ও জুয়ার মামলায় গ্রেপ্তার আসামিদের পক্ষে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে লালমনিরহাট আদালত চত্বরে আইনজীবী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় লিখিত বক্তব্য জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কেএম হুমায়ুন রেজা স্বপন বলেন, সীমান্তবর্তী জেলা হিসেবে লালমনিরহাটে মাদকের আগ্রাসনে সমাজিক অবক্ষয় দেখা দিয়েছে। সমাজ বিনির্মাণে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক আন্দোলন ঘোষণা করেছেন। সেই আন্দোলনে ইতোমধ্যে মন্ত্রী নিজে ও তার কমিটির সদস্যরা বেশ কিছু মাদকসেবিকে আটক করে আইনে সোপর্দ করেছেন। সেই সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হয়ে জেলা আইনজীবী সমিতির সব সদস্যের ঐক্যমতের ভিত্তিতে আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তারকৃতদের পক্ষে কোনো ধরনের আইনি সহায়তা প্রদান করবেন না। এ ঘোষণা কেউ অমান্য করলে সমিতির নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থাসহ তাকেও মাদকসেবি হিসেবে গণ্য করা হবে। 

এক প্রশ্নের জবাবে সমিতির সভাপতি বলেন, এ সমিতির সব সদস্যই এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং তারা মেনে চলবেন। সুতরাং এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তারকৃতরা আইনজীবীদের মাধ্যমে কোনো ধরনের আইনি সহায়তা পাবেন না। সমিতি চাইলে এ সময় বাড়ানো হতে পারে।

অপর এক প্রশ্নের জবাবে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক বলেন, আইনজীবীরা সহায়তা না করলে আসামিদের জামিনে কিছুটা ভাটা পড়বে এবং তারা হাজতবাস করলে অপরাধ বোধ থেকে মাদককে না বলবে। মূলত সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। গ্রেপ্তারকৃত আসামিরা চাইলে আইনজীবী ছাড়া নিজেরা আইনি লড়াই করতে পারবেন। সে ক্ষেত্রে আইনজীবী সমিতি কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। 

সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির নেতাকর্মীরাসহ বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন।

আরকে

বিজ্ঞাপন